ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী
ড. ইউনূসের বিচার দাবিতে আদালত প্রাঙ্গণে আওয়ামীপন্থী আইনজীবীদের মানববন্ধন
ঢাকা, ৯ জুন: অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামীপন্থী ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার দাবি করে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং “ইউনূসের বিচার চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন কারামুক্ত আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন। তিনি অভিযোগ করেন, আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ ও মামলা পরিচালনায় বাধা দেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় যেসব আইনজীবী বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা উচিত।
মানববন্ধনে অংশগ্রহণকারী অন্যান্য আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট ওবায়দুল ইসলাম, অ্যাডভোকেট লিটন মিয়া, অ্যাডভোকেট মো. তৌহিদ এবং অ্যাডভোকেট শামীম আল সোহাগ সাইফুল।
বক্তারা বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা, আইনজীবীদের পেশাগত স্বাধীনতা এবং রাজনৈতিক হয়রানি বন্ধের আহ্বান জানান।
