এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে: রাশেদ
এনসিপিকে ঘিরে বিএনপি নেতার সমালোচনা, ‘জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান’ দাবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার দাবি, দলটিকে ধীরে ধীরে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিণত করা হচ্ছে।
রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লিখেছেন, “এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ-আসিফরা নিজেরাও বুঝতে পারছে না, কীভাবে এনসিপিকে জামায়াত-শিবির দখল করে নিচ্ছে।”
তিনি দাবি করেন, দলটির অন্যতম নেতা আসিফ মাহমুদ অতীতে এ ধরনের প্রভাবের বিষয়ে সতর্ক অবস্থানে থাকলেও বর্তমানে জামায়াত-শিবির সংশ্লিষ্ট কর্মীদের এনসিপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বিএনপির এই নেতা মনে করেন, এনসিপি চাইলে একটি স্বতন্ত্র ও নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারত। তার ভাষায়, দেশের রাজনৈতিক বাস্তবতায় একটি নতুন দলের প্রয়োজন ছিল, তবে সেটি জামায়াতের বিকল্প না হয়ে একই ধারার আরেকটি সংস্করণে পরিণত হচ্ছে।
রাশেদ খান বলেন, “জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারতো। বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিল। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ সংস্করণের প্রয়োজন ছিল না।”
তিনি আরও দাবি করেন, এনসিপির রাজনৈতিক যাত্রার শুরু থেকেই জামায়াত-শিবিরের প্রভাব ছিল। তার মতে, “৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপির বসন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে হয়তো জামায়াতের মধ্যেই বিলীন হয়ে শতভাগ বসন্ত হবে।”
আওয়ামী লীগের রাজনৈতিক শূন্যতা পূরণের সুযোগ এনসিপির সামনে ছিল বলেও মন্তব্য করেন রাশেদ খান। তবে নেতৃত্বের ব্যর্থতায় সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তার দাবি।
তিনি বলেন, “এনসিপির ব্যর্থতার কারণে আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা তৈরি হয়েছে। অথচ আওয়ামী শূন্যতা পূরণের একটি বড় সুযোগ এনসিপির সামনে ছিল। কিন্তু সেই সম্ভাবনা অঙ্কুরেই বিনষ্ট হয়েছে।”
রাশেদ খানের এই বক্তব্য নিয়ে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
