ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় ক্রিকেট দলের স্পিনার Nayeem Hasan নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) রাতে সংঘটিত এ ঘটনায় তিনি দাবি করেছেন, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে জোরপূর্বক আটক করে থানায় নিয়ে যান এবং শারীরিক নির্যাতন করেন।

নাঈম জানান, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে রাত ১০টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে তিনি সিএনজিযোগে বাসার উদ্দেশে রওনা হন। টোল প্লাজার কাছে একটি ট্রাফিক পুলিশ তাদের থামিয়ে কিছু দূর পর্যন্ত সঙ্গে আসেন। পরে একজন ইউনিফর্মধারী পুলিশ সদস্য এবং আরেকজন সিভিল পোশাকধারী ব্যক্তি তার গাড়ি তল্লাশির উদ্যোগ নেন।

তার অভিযোগ, এসআই শফিক নামে এক কর্মকর্তা তাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতরে ঢুকিয়ে দরজা লক করে দেন। এরপর তাকে ‘আসামি’ বলে সম্বোধন করে চুপ থাকতে বলেন এবং কলার চেপে ধরেন। নাঈমের দাবি, তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়।

ক্রিকেটার নাঈম আরও বলেন, ঘটনার সময় তার গলা চেপে ধরা হয়েছিল এবং মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। উপস্থিত অনেকেই তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করলেও অভিযুক্তরা তা আমলে নেয়নি বলে তিনি অভিযোগ করেন।

পরে তাকে থানায় নিয়ে যাওয়া হলে তিনি নিজের পরিচয় দেন। তার ভাষ্য অনুযায়ী, শুরুতে থানায়ও তিনি অসৌজন্যমূলক আচরণের শিকার হন। তবে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হলে সংশ্লিষ্টদের আচরণ পরিবর্তন হয়।

এসআই শফিকের বিরুদ্ধে সরাসরি মারধরের অভিযোগ এনে নাঈম বলেন, একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তার গায়ে হাত তোলার অধিকার কারও নেই। তবুও তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Next News Previous News