আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘোষণা বেআইনি: শিশির মনির
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন এবং স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর নোটিসের জবাব না দিলে লাইসেন্স বাতিলের ঘোষণা সম্পূর্ণ ‘আনলফুল’ বা বেআইনি বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিসের জবাব আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তবে নোটিসে সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের যে ইঙ্গিত দেওয়া হয়েছে, সেটিকে তিনি আইনবহির্ভূত বলে দাবি করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, প্রতিবেদনে শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেনের স্বল্পতা এবং কার্বন ডাই-অক্সাইড গ্যাসের মাত্রা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সেখানে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের সুনির্দিষ্ট মাত্রা কিংবা কোন পর্যায়ে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে—সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। ফলে প্রতিবেদনে অস্পষ্টতা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, তারা প্রকৃত দায়ীদের বিচার চান, তবে হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে নন। তিনি জানান, এর আগেও তার দুই সন্তানের জন্ম একই হাসপাতালে হয়েছিল এবং তারা সুস্থ রয়েছে।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ নিহত শিশুদের পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরির সুযোগ এবং ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। পরে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিস দেয় এবং প্রযোজ্য আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার কথা জানায়।
