ইরানের সাইবার হামলায় কুপোকাত ইসরাইল
ইরানি সাইবার হামলায় চাপে ইসরাইল, এক বছরে হামলার সংখ্যা তিনগুণ
চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইসরাইলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের ডিরেক্টর জেনারেল ইয়োসি কারাদি জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য তুলে ধরেন।
কারাদির ভাষ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযান চলাকালে প্রায় ১ হাজার ৬০০টি বৈরী সাইবার হামলা বা নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত হয়েছিল। তবে ২০২৬ সালের জুনে সেই সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০-তে পৌঁছেছে।
তিনি বলেন, কিছু সাইবার হামলাকারী গোষ্ঠী অত্যন্ত দক্ষ। তাদের প্রতিহত করা সম্ভব হলেও এই হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। তার ভাষায়, বাস্তব যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতেও কোনো যুদ্ধবিরতি নেই।
কারাদি জানান, এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সংস্থা, ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল সিস্টেম। আক্রান্ত প্রতিষ্ঠানের মধ্যে আইন ও হিসাবরক্ষণ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে।
তিনি দাবি করেন, এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত বড় ধরনের সাইবার হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরাইল। তবে যেসব প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা দুর্বল ছিল, সেসব প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে তথ্য সম্পূর্ণ মুছে ফেলার ঘটনাও ঘটেছে।
অন্যদিকে, ইরান বরাবরই বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। একই সঙ্গে দেশটি দাবি করে, তারাও নিয়মিত সাইবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।
