কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার পাশাপাশি প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া মেয়ের ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। একপর্যায়ে বাড়িতে থাকা নারী ও তার কিশোরী মেয়ের ওপর যৌন সহিংসতা চালানোর অভিযোগ ওঠে।
পরবর্তীতে আহত দুজনকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী পরিবারের এক স্বজন জানান, গুরুতর শারীরিক অবস্থার কারণে কিশোরীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাতামুহুরি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মাসুদ ডাকাতি ও ধর্ষণের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
