নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ সেকেন্ডের ঝটিকা মিছিল, আটক ৪৫
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া দিয়ে ৪৫ জন আটক
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংক্ষিপ্ত ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধাওয়া ও পুলিশের অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী হঠাৎ মহাসড়কে নেমে মিছিল শুরু করেন। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এই কর্মসূচিতে কয়েকশ ব্যক্তি অংশ নিয়েছেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।
স্থানীয়দের ভাষ্য, মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল। প্রথমে বুড়িচং উপজেলার নিমসার এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও পরে স্থান পরিবর্তন করে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় সমবেত হন অংশগ্রহণকারীরা। এরপর ইউটার্ন মোড় এলাকায় আকস্মিকভাবে মিছিল বের করা হয়।
মিছিলের খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ধাওয়া দেন। এ সময় কয়েকজনকে স্থানীয়ভাবে আটক করা হয় এবং মিছিলে ব্যবহৃত কিছু যানবাহন জব্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকায় অভিযান চালায়। পরে বিভিন্ন স্থান থেকে মোট ৪৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে তারা প্রস্তুত রয়েছেন। জনগণের ভোগান্তি সৃষ্টি করে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, হঠাৎ করেই একটি সংক্ষিপ্ত ঝটিকা মিছিল বের করা হয়। তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস ও দুটি বাস জব্দ করা হয়েছে।
ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
