অসুস্থ মাকে দেখতে এসে গ্রেপ্তার মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী

মাদারীপুরের শিবচর উপজেলার নিজ বাড়ি থেকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী সানজিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মাকে দেখতে কয়েক দিনের জন্য নিজ বাড়িতে এসেছিলেন সানজিদা আক্তার। তার অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি উমেদপুর ইউনিয়নের বাসিন্দা এবং ইসমাইল কবিরাজের মেয়ে।

জানা গেছে, সানজিদা আক্তার ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবনে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নাশকতার একটি মামলায় সানজিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

Next News Previous News