হরমুজ প্রণালিতে ইরানের ২ ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালির কাছে ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালির দিকে উড়ে আসা ইরানের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ড্রোন দুটি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করছিল।
রোববার (৭ জুন) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া দুটি আত্মঘাতী ড্রোন ধ্বংস করা হয়েছে।
সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত শুক্রবারও হরমুজ প্রণালির দিকে এগিয়ে আসা ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল যুক্তরাষ্ট্র। সর্বশেষ দুই ড্রোন ধ্বংসের ঘটনায় কয়েক দিনের মধ্যে ভূপাতিত ড্রোনের সংখ্যা ছয়টিতে পৌঁছেছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দুটি দ্বীপে হামলা চালিয়ে একটি রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বলে জানা যায়। ইরান এই পদক্ষেপকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দেয়।
পরবর্তীতে কুয়েত ও বাহরাইনমুখী পাল্টা হামলার অভিযোগও ওঠে, যা প্রতিহত করতে মার্কিন বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হওয়ায় অঞ্চলটির পরিস্থিতির দিকে আন্তর্জাতিক মহল গভীর নজর রাখছে।
