বাজেটে মদ-সিগারেটের ওপর ট্যাক্স বাড়ানোয় চরম নাখোশ বিরোধী দল’
আগামী অর্থবছরের বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধি করায় বিরোধী দলগুলোর আপত্তি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
সদর বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকারের প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে বিরোধীদের সমালোচনা অযৌক্তিক।
তিনি বলেন, “বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না। সাধারণ জনগণের স্বার্থ রক্ষা, প্রত্যন্ত অঞ্চলের জমিকে আবাদযোগ্য করা এবং খাদ্য উৎপাদন বাড়িয়ে দেশকে স্বাবলম্বী করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য।”
তারেক রহমান আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া দেশের টেকসই অগ্রগতি সম্ভব নয়। দরিদ্র কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন কৃষি সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি দেশের মানুষের প্রতি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “আমরা জনগণের কল্যাণে কাজ করছি এবং সেই লক্ষ্যেই উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বাঁকখালী নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন মানুষের পুনর্বাসনের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা।
এর আগে সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে মাটি কেটে তার পিতার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীর উপস্থিতি ঘিরে কক্সবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খালপাড়ে ভিড় করেন হাজারো মানুষ।
