ছাত্রদল নেতার হামলায় ২ পুলিশ সদস্য আহত
নেত্রকোনার মদন উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার পর মদন পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাস কাউন্টারে যাত্রীদের হয়রানির অভিযোগ ওঠে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।
সেখানে উপস্থিত যাত্রীরা প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ করেন। এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠুও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ তাকে কিছুটা দূরে সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, এ সময় মিঠুর হামলায় পুলিশ সদস্য মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। অভিযুক্ত মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, যাত্রীদের ভোগান্তির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর জন্য পরিবহনের ব্যবস্থা করেন। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটে, যা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ গ্রহণ করবে।
