উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক ও সহকারী হাসপাতালে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি সুপার ডিলাক্স’ নামে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে ফেরিতে ওঠার আগেই সব যাত্রী বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
এসবি সুপার ডিলাক্স পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ জানান, কুষ্টিয়া থেকে আসা বাসটিতে ৩৭ জন যাত্রী এবং চালক, সহকারী ও সুপারভাইজারসহ মোট প্রায় ৪০ জন ছিলেন। দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফেরির র্যামে আঘাত করে। এতে র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
ঘটনার সময় বাসে শুধুমাত্র চালক ও তার সহকারী ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
যাত্রী আল জুবায়ের জানান, ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এরপর চালক ও সহকারী বাসটি ফেরিতে তুলতে গেলে হঠাৎ সেটি ডানদিকে বেঁকে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, র্যাব এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাসটি পন্টুন থেকে র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। উদ্ধার হওয়া চালক ও সুপারভাইজার চিকিৎসাধীন রয়েছেন। কোনো যাত্রী নিখোঁজ থাকার তথ্যও পাওয়া যায়নি।
পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে বাসটি নদী থেকে টেনে তোলে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে গেলে ২৬ জন যাত্রীর প্রাণহানি ঘটে। সাম্প্রতিক এই ঘটনায় সেই দুর্ঘটনার স্মৃতি আবারও সামনে চলে এসেছে।
