আরব দেশগুলোয় ইরানের হামলার পরিধি বাড়ছে
রাসায়নিক শনাক্তে ভারতীয় আম আমদানিতে নেপালের নিষেধাজ্ঞা
জাপানের পর এবার ভারতীয় আম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। দেশটির কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, আমদানি করা চালানে অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেপালি কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপ দেশীয় ফল উৎপাদন ও বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে। স্থানীয়ভাবে উৎপাদিত নিরাপদ ও স্বাস্থ্যকর ফলের চাহিদা বাড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
মধেসি প্রদেশের ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল বলেন, এই সিদ্ধান্ত স্থানীয় কৃষকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং নাগরিকরা আরও নিরাপদ ফল পাওয়ার সুযোগ পাবেন।
তবে আম ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এতে বাজারে ঘাটতি, দাম বৃদ্ধি এবং বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, নেপাল আম উৎপাদনকারী দেশ হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভরতা রয়েছে। দেশটিতে আমের মৌসুমও তুলনামূলকভাবে স্বল্প সময়ের জন্য সীমিত।
এর আগে মে মাসে জাপান ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ভারতের কেশর, আলফনসো, ল্যাংড়া এবং বঙ্গনপল্লি জাতের আম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়।
