হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

ইত্যাদি নিয়ে সারোয়ার তুষারের সমালোচনা

‘ইত্যাদি’তে জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ না থাকায় ক্ষোভ প্রকাশ সারোয়ার তুষারের

প্রকাশিত: ৬ জুন

জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নরসিংদী জেলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হলেও জুলাই অভ্যুত্থানসংশ্লিষ্ট ঘটনাবলি স্থান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেতের সমালোচনা করেন। তার দাবি, দেশের সাংস্কৃতিক অঙ্গনে রাজনৈতিক প্রভাব বিদ্যমান থাকায় জুলাই গণঅভ্যুত্থান এখনো অনেকের চেতনায় যথাযথ স্থান পায়নি।

পোস্টে তিনি উল্লেখ করেন, ছোটবেলা থেকে ‘ইত্যাদি’র নিয়মিত দর্শক হিসেবে তিনি অনুষ্ঠানটির প্রতি আগ্রহী ছিলেন। নরসিংদীকে কেন্দ্র করে নির্মিত সাম্প্রতিক পর্বে জেলার ইতিহাস, ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের তুলে ধরা হলেও জুলাই অভ্যুত্থানের সময়কার নরসিংদীর ভূমিকা এবং সংশ্লিষ্ট ঘটনাবলি অনুপস্থিত ছিল।

তিনি বলেন, নরসিংদীর ইতিহাস তুলে ধরতে গিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শহীদ আসাদ, ভাই গিরিশচন্দ্র সেনসহ বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও স্থানের কথা তুলে ধরা হয়েছে, যা নরসিংদীবাসীর জন্য গর্বের বিষয়।

তবে তার ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহ, শহীদ তাহমিদ, শহীদ ইমন ও শহীদ রাব্বির মতো ব্যক্তিত্বদের কোনো উল্লেখ ছিল না। তিনি দাবি করেন, জুলাইয়ের ঘটনাবলি অনুষ্ঠানটির উপস্থাপকের চেতনায় প্রতিফলিত হয়নি।

এছাড়া অনুষ্ঠানের কুইজ পর্বে নরসিংদীর কৃতী সন্তানদের মধ্যে শামসুর রাহমান ও আলাউদ্দিন আল আজাদের নাম থাকলেও জুলাই অভ্যুত্থানসংক্রান্ত কোনো প্রসঙ্গ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি।

সারোয়ার তুষার মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থানকে এখনো প্রাতিষ্ঠানিক ইতিহাসচর্চা ও সাংস্কৃতিক উপস্থাপনায় যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তার মতে, দেশের ইতিহাস রচনা এবং সাংস্কৃতিক শিল্পক্ষেত্রে পরিবর্তন না আসা পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান অনেকের চেতনায় পর্যাপ্ত গুরুত্ব পাবে না।

Next News Previous News