সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

রামপুরা মানবতাবিরোধী অপরাধ মামলার রায়

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন সাজা

জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ইসলাম ও মো. নাদিমকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রায়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, রামপুরা জোনের এডিসি রাশেদুল ইসলাম এবং ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এসআই তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এএসআই চঞ্চলচন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার বেলা সোয়া ১২টার দিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার পাঁচ আসামির মধ্যে চারজন পলাতক রয়েছেন। একমাত্র গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে রায় ঘোষণার দিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, একজন মানুষ জীবন বাঁচাতে ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। তিনি বলেন, অভিযুক্তরা মানুষকে মানুষ মনে করেনি এবং রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

মামলায় চলতি বছরের বিভিন্ন তারিখে সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়। পরে রায় ঘোষণার জন্য ২৮ জুন দিন ধার্য করা হয়।

এর আগে মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও পুনঃসাক্ষ্যসহ দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়। ২৩ অক্টোবর প্রথম সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল।

Next News Previous News