পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েত ও বাহরাইনে চালানো এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার যুদ্ধে জড়ালে বিশ্বের মানচিত্রে ইরান নামের কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না।
হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনার জেরে শনিবার (২৭ জুন) রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরান পাল্টা হামলার ঘোষণা দেয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এটি অত্যন্ত সম্ভব যে তারা (ইরান) কখনোই শিক্ষা নেবে না। এমন একটি সময় আসতে পারে যখন আমরা আর সংযত থাকতে পারব না এবং আমরা যে সামরিক অভিযান সফলভাবে শুরু করেছি, তা সম্পূর্ণভাবে শেষ করতে বাধ্য হব।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান শান্তি উদ্যোগকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ফেলেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির সম্ভাবনাও প্রশ্নের মুখে পড়েছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন হামলার জবাবে কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, অভিযানে মার্কিন বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। তাদের ভাষ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে ‘দোজখের অভিজ্ঞতা’ দেওয়া হবে।
অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং বৈরী ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কাজ চলছে। দেশটির সেনাবাহিনী নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, কোথাও বিস্ফোরণের শব্দ শোনা গেলে সেটি প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেই বিবেচনা করতে হবে।
নতুন এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কয়েকটি এলাকায় যুদ্ধকালীন সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
