পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: এমপি খায়রুল কবির

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছে এবং বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। তিনি দাবি করেন, বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে।

শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির আয়োজনে শিশু একাডেমীতে স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, “জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল একটি মহল। কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়েই প্রমাণ হয়েছে, জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায়নি। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি আজও স্পন্দিত হচ্ছেন।”

তিনি আরও বলেন, “দেশের জনগণ সবসময় ভোটের মাধ্যমে তাদের পছন্দের দল ও প্রার্থীকে নির্বাচিত করেছে। বিএনপি জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং ভবিষ্যতেও জনগণের রায়ই হবে আমাদের শক্তির উৎস।”

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, অ্যাডভোকেট বাছেদ, আকবর হোসেন, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, হারুন অর রশিদ, দ্বীন মোহাম্মদ দিপু, রবিউল ইসলাম রবিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে বিকেলে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চিনিশপুর ২ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল, গণভোজ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য খায়রুল কবির খোকনসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

Next News Previous News