৭০ লাখ ইরানি যুদ্ধ করতে প্রস্তুত: গালিবাফ
যুদ্ধ পরিস্থিতিতে ৭০ লাখ ইরানি স্বেচ্ছাসেবী, ‘এসে দেখো’—কড়া বার্তা তেহরানের
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে ব্যাপক জনসমর্থনের ইঙ্গিত দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭০ লাখ ইরানি সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লিখিয়েছেন।
‘ইরান যুদ্ধ চায় না, তবে প্রতিরোধে প্রস্তুত’
গালিবাফ বলেন, “ইরান কখনো যুদ্ধ চায় না। কিন্তু দেশ আক্রান্ত হলে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে। দেশের প্রতিরক্ষা বিপন্ন হলে প্রতিটি নাগরিক সৈনিকের মতো দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকে।”
তিনি আরও উল্লেখ করেন, অল্প সময়ের মধ্যেই একটি জাতীয় প্রচারণা লাখো মানুষকে দেশ রক্ষায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেছে।
জনগণের প্রস্তুতির বার্তা
স্পিকারের ভাষায়, “ইরানিরা শুধু কথায় নয়, প্রয়োজনে জীবন দিয়েও মাতৃভূমি রক্ষা করেছে—আবারও করতে প্রস্তুত।”
তিনি সতর্ক করে বলেন, ইরানের ওপর যেকোনো হামলার জবাব সম্মিলিতভাবে দেওয়া হবে। “আমাদের ঘরে এলে পুরো জাতির মুখোমুখি হতে হবে। এসে দেখো”—এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
স্থল অভিযানে কড়া হুঁশিয়ারি
এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন, শত্রুপক্ষ স্থল অভিযানের চেষ্টা করলে “একজন সেনাও যেন জীবিত ফিরে যেতে না পারে।”
