ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন সর্ববৃহৎ রণতরী আব্রাহাম লিংকন
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী শুক্রবার দাবি করেছে, তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত করেছে।
তাদের দাবি অনুযায়ী, হামলার পর রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে।
তবে ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র বলছে, রণতরীটি এখনো অপারেশন ‘এপিক ফিউরি’ সমর্থন অব্যাহত রেখেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। তবে সেখানেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত উল্লেখ করা হয়নি।
অন্যদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, একটি ইরানি জাহাজ আব্রাহাম লিংকনের কাছাকাছি চলে এলে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালায়। তবে জাহাজটি আঘাত পেয়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন জানিয়েছিল, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর কাছেও পৌঁছায়নি।
