৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: পানিসম্পদ মন্ত্রী
দিনাজপুর: আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। আগামী ১৬ মার্চ জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এরপর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা
ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষি কার্ড প্রদান এবং ইমাম-মোয়াজ্জিনদের ভাতা চালুর মতো বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিল। সরকার ধাপে ধাপে এসব বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।
দলের নেতাকর্মীদের আহ্বান
দিনাজপুরে প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
প্রধানমন্ত্রীর সফরসূচি
আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর সফরে আসবেন। সফরকালে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা-নানী ও খালার কবর জিয়ারত করে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১৫:৫৪
