তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে সাইরেনের শব্দ
তুরস্কের ইনসিরলিক ঘাঁটিতে সাইরেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত
তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটিতে শুক্রবার রাতে সাইরেন বাজানো হয়েছে। এটি দক্ষিণ-পূর্ব শহর আদানার কাছে একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন। ঘাঁটি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আদানার বাসিন্দারা রাত ৩টা ২৫ মিনিটে সাইরেনের শব্দে জেগে ওঠে। প্রায় পাঁচ মিনিট ধরে সাইরেন বাজছিল। ঘাঁটিতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। শহরজুড়ে দমকল ও নিরাপত্তা বাহিনীর সাইরেন দীর্ঘক্ষণ শোনা গেছে।
এর আগে ন্যাটো বিমান প্রতিরক্ষা বাহিনী তুরস্কের দিকে অগ্রসর হওয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে তুরস্কের আকাশসীমায় ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটো বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা নিষ্ক্রিয় করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণ-পূর্ব গাজিয়ানটেপ প্রদেশের খালি জমিতে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী এ ঘটনাকে তেহরানের প্রতি সতর্কবার্তা হিসেবে দেখেছে। সোমবার ইরান থেকে ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তুরস্কের আকাশসীমায় ভূপাতিত করা হয়।
ওয়াশিংটন আদানায় তাদের কনস্যুলেট বন্ধের ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর সমস্ত আমেরিকান নাগরিককে দক্ষিণ-পূর্ব তুরস্ক ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
