ধ্বংসের মুখে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা: ট্রাম্প
ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের মুখে: ট্রাম্প
ইরানের নৌ ও বিমান বাহিনী, বিশেষ করে দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, সামরিক ও অর্থনৈতিকভাবে ইরানের শাসনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে।
ট্রাম্পের মতে, ইরানের নৌ ও বিমান বাহিনী ধ্বংসের মুখে পড়েছে এবং দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সামরিক সক্ষমতাও একের পর এক ধ্বংস করা হচ্ছে।
গত ৪৭ বছর ধরে ইরানের শাসনব্যবস্থা বিশ্বজুড়ে নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অতুলনীয় সামরিক শক্তি ও সীমাহীন গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো সম্ভব।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর আগে ইরানের পক্ষ থেকেও যুদ্ধের পরিধি বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।
