ভিজিএফের চাল দিতে না পেরে কাঁদলেন চেয়ারম্যান

ভিজিএফের চাল দিতে না পেরে কাঁদলেন চেয়ারম্যান

গাইবান্ধা, গোবিন্দগঞ্জ (সাপমারা) – ১৯ মার্চ ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির এক নেতার চাপ ও হস্তক্ষেপের কারণে সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে না পারায় অসহায়ত্ব প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মন্ডল। এ ঘটনায় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপমারা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২,৭৮৮টি ভিজিএফ স্লিপের মধ্যে উপজেলা পর্যায়ের বণ্টন অনুযায়ী ২০% অর্থাৎ ৫৫৮টি স্লিপ বিএনপির জন্য রাখা হয়। বাকি ২,২৩0টি স্লিপ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে বণ্টন করা হয়, যেখানে প্রত্যেক সদস্যকে ২০০টি করে স্লিপ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে যে, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার হোসেন চৌধুরী দলীয় অংশ নেওয়ার পরও চেয়ারম্যান ও সদস্যদের বরাদ্দে হস্তক্ষেপ করেছেন। তিনি চেয়ারম্যানের কাছ থেকে ২০০টি এবং প্রত্যেক সদস্যের কাছ থেকে ২০টি করে স্লিপ জোরপূর্বক নিয়েছেন। এছাড়া ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য সুমি আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ফরিদা বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডের আজাদ থেকে অতিরিক্ত ১০০টি করে স্লিপ দাবি করা হয়েছে।

এ ঘটনায় বিপাকে পড়েন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। চেয়ারম্যান আবু তালেব মন্ডল জানান, “বিএনপি ৫৫৮টি স্লিপ নেওয়ার পরও সারোয়ার আমার কাছ থেকে ২০০টি এবং প্রতিটি মেম্বারের কাছ থেকে ২০টি করে স্লিপ নিয়েছে। আমরা ভয়ে দিতে বাধ্য হয়েছি। এরপরও আরও তিন সদস্যের কাছ থেকে ৩০০ স্লিপ দাবি করা হয়। না দেওয়ায় চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়।”

সংরক্ষিত নারী ইউপি সদস্য সুমি আক্তার ও ফরিদা বেগম অভিযোগ করেছেন, তাদের কাছ থেকেও জোরপূর্বক স্লিপ নেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার হোসেন চৌধুরী বলেছেন, “সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো স্লিপ নেইনি বা কাউকে হুমকিও দিইনি।” তিনি দাবি করেছেন, চেয়ারম্যান তার লোকজন দিয়ে চাল বিতরণ শুরু করেছেন এবং নারী ইউপি সদস্য সুমি কিছু স্লিপ বিতরণে স্বীকারোক্তি দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

Next News Previous News