দুই শতাধিক মার্কিন সেনা নিহত ও আহতের দাবি ইরানের
ইরানের সঙ্গে যুদ্ধে ১০ দিনে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রথম ১০ দিনে যুক্তরাষ্ট্রের প্রায় ১৫০ জনের মতো সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
গত মঙ্গলবার রয়টার্স এই সংখ্যা প্রকাশের আগে পেন্টাগন মাত্র আট মার্কিন সেনা গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছিল। তবে রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনাদের সংখ্যা প্রায় ১৪০ জন।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ১০৮ জন সেনা ইতোমধ্যে যুদ্ধে ফিরে গেছেন এবং গুরুতর আহত আট সেনা সর্বোচ্চ চিকিৎসাসেবা পাচ্ছেন।
গত ১ মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে সামরিক কর্মীদের আবাসস্থলে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। একই দিন সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে পৃথক হামলায় আরও একজন মার্কিন সেনা নিহত হন।
এদিকে ইরানের দাবি, তাদের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোর ওপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানের হামলায় অন্তত ১৭টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কয়েকটিতে একাধিকবার হামলা হয়েছে।
এই বিশ্লেষণ তৈরি করা হয়েছে উচ্চমানের স্যাটেলাইট ছবি, যাচাইকৃত সোশ্যাল মিডিয়া ভিডিও এবং মার্কিন কর্মকর্তা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বিবৃতির ভিত্তিতে।
যুদ্ধের প্রথম দিনেই ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি, কাতারের বৃহত্তম মার্কিন ঘাঁটি আল উদেইদসহ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।
এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় ২০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
পেন্টাগনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ইরানের অস্ত্রাগার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে ইরানের হামলার সংখ্যা কিছুটা কমেছে।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধ প্রত্যাশার চেয়ে বেশি কঠিন নয়।
