ভোট পুনর্গণনা চেয়ে আব্বাসের শপথ বিরত রাখার আবেদন পাটওয়ারীর
ঢাকা-৮ আসনে ভোট কারচুপির অভিযোগ, শপথ স্থগিতের আবেদন
ঢাকা-৮ আসনে ‘ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের’ অভিযোগ তুলে শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা আবেদনটি রোববার নির্বাচন কমিশনে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার কর্মী-সমর্থকরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা এবং বাতিল ভোট গণনায় যুক্ত করার মতো নানা অনিয়মে জড়িত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারও এসব অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন এবং তাকে বিজয়ী ঘোষণা না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
