বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’
লোহিত সাগরের ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান
লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিয়েছে ইরান—এমন খবর প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। উপসাগরীয় দেশগুলো যদি মার্কিন সেনা মোতায়েন অব্যাহত রাখে, তাহলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে।
লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সেনা থাকলে সমুদ্রের নিচের তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান।
তার মতে, এই তারগুলো আমাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সঙ্গে সংযোগ রক্ষা করে। যদি এগুলো কেটে যায়, তাহলে কয়েক ঘণ্টা নয়—বরং মাসের পর মাস ইন্টারনেট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে।
- লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তার রয়েছে।
- এই তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০% বহন করে।
- এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে ডেটা সংযোগের প্রধান মাধ্যম এটি।
- ব্যাংকিং লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল ও কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম এসব তারের উপর নির্ভরশীল।
সমুদ্রের তার স্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির জাহাজ ‘ইল দ্য বাৎজ’ বর্তমানে সৌদি আরবের দাম্মাম উপকূলে আটকে রয়েছে।
এদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এই মাসের শুরুতেই সমুদ্রের তারে চলমান কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
