সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা
তারাবির নামাজ শেষে হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল সিলেট
সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ এলাকা বুধবার রাতে উত্তাল হয়ে ওঠে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে শত শত তরুণ হাদি হত্যার বিচার দাবিতে স্লোগান দেন।
দলীয় ইফতার মাহফিল শেষে দরগাহ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করেন পাটওয়ারীসহ এনসিপির নেতারা। নামাজ চলাকালীন সময়েই তরুণেরা দরগাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দরগাহ মাঠ ও আশপাশের সড়ক ভরপুর হয়ে যায়।
নামাজ শেষে বের হলে উপস্থিত জনতা ‘হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে স্বল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নির্বাচনি তফসিল ঘোষণার পর ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।
এদিকে পূর্বঘোষণা অনুযায়ী নাসীরুদ্দীন পাটওয়ারী রমজান মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকা সফর করছেন। তিনি তারাবির নামাজ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং সমর্থকেরা ‘হাদি হত্যার বিচার, চাঁদাবাজমুক্ত দেশ চাই’ স্লোগান দেন।
