পারস্য উপসাগরীয় নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিন সেনারা’
মার্কিন সেনারা নাগরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোতে অবস্থানরত মার্কিন সামরিক কর্মীরা স্থানীয় নাগরিকদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তার দাবি, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন সেনারা জিসিসিভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন হোটেল ও বাণিজ্যিক দপ্তরে আশ্রয় নিচ্ছেন।
ইরানের শীর্ষ এই কূটনীতিক তার পোস্টে মার্কিন সেনাদের হোটেলে অবস্থানের বিভিন্ন সংবাদপত্রের কাটিং ও ছবি যুক্ত করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অনেক হোটেল কর্তৃপক্ষ তাদের নিয়মিত গ্রাহকদের নিরাপত্তার স্বার্থে এমন সামরিক কর্মকর্তাদের বুকিং বাতিল করছে, যারা অন্যদের বিপদের মুখে ফেলতে পারে।
তিনি আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের হোটেলগুলোরও উচিত নিজেদের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে একই ধরনের পদক্ষেপ নেওয়া।
আরাগচির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং কয়েকজন উর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত শুরু হয়েছে।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের জবাবে ইরান ইতোমধ্যে অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি, সম্ভাব্য পাল্টা হামলা থেকে বাঁচতেই মার্কিন সেনারা জনাকীর্ণ স্থানে আশ্রয় নিচ্ছে।
এই সংঘাতের ফলে ইরানের সামরিক ও বেসামরিক উভয় অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বিশ্লেষকদের মতে, আরাগচির এই অভিযোগ আঞ্চলিক ভূরাজনীতিতে এবং জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।
