অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী
ফারুক আবদুল্লার ওপর হত্যাচেষ্টা, অল্পের জন্য রক্ষা
জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। এটি ঘটেছে বুধবার (১১ মার্চ) সন্ধ্যায়, একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময়। জম্মুতে এই হত্যাচেষ্টা থেকে তিনি অল্পের জন্য বেঁচে গেছেন।
একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ফারুক আবদুল্লার মাত্র কয়েক পা পেছনে অবস্থান করছিলেন এবং তার হাত আবদুল্লার কাঁধ বরাবর তাকানো ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা হামলাকারীকে ধাক্কা দেন, ফলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফারুক আবদুল্লা নিরাপদ থাকেন।
হামলাকারীকে কমল সিং জামওয়াল হিসেবে শনাক্ত করা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই হেফাজতে নেওয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, ধরা পড়ার পর উপস্থিত জনতা তাকে গণপিটুনি দিচ্ছে। গ্রেফতারের সময় তিনি পুলিশকে জানিয়েছেন, তিনি জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা এবং ২০ বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন।
ঘটনার সময় ফারুক আবদুল্লার সঙ্গে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির সোগামি। সোগামি জানান, এটি ফারুক আবদুল্লাকে হত্যার চেষ্টা ছিল, তবে আল্লাহর রহমতে গুলিতে কেউ আহত হননি। এই হত্যাচেষ্টার উদ্দেশ্য বা কোনো নিরাপত্তা ত্রুটি রয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
বর্তমানে ফারুক আবদুল্লা সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
