যুদ্ধে এবার নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করল ইরান, তালিকা প্রকাশ
ইরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছে
ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর কার্যালয়কে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে তালিকা প্রকাশ করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এর বরাতে টাইমস অব ইসরাইল জানিয়েছে, তালিকায় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন, গুগল, মাইক্রোসফট এবং এনভিডিয়া এর ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে থাকা অফিসগুলো অন্তর্ভুক্ত।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধের দিকে বিস্তৃত হচ্ছে, তখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর পরিধিও ধীরে ধীরে বাড়ছে।” তবে এই সম্ভাব্য লক্ষ্যবস্তুর বিষয়ে তারা কোনো নির্দিষ্ট সূত্র উল্লেখ করেনি।
উপসাগরীয় দেশগুলোতে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার ও আঞ্চলিক অফিস রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
