জুলাই গণহত্যার দায় রাষ্ট্রপতি এড়াতে পারবেন না

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার দায় রাষ্ট্রপতি কোনোভাবেই এড়াতে পারবেন না। তিনি অভিযোগ করেন, সে সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হাজারো মানুষ নিহত হলেও রাষ্ট্রপতি নীরব ভূমিকা পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) জামায়াতে ইসলামী পল্টন থানার পেশাজীবী বিভাগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পরিচালিত গণহত্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দীন (চুপ্পু) নীরব সমর্থন দিয়েছেন। ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার পরও তিনি তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। বরং আওয়ামী লীগের গণহত্যাকে নীরবে সমর্থন দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গেলেও রাষ্ট্রপতি তার পদে বহাল রয়েছেন। নির্বাচিত সংসদের রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষমতা থাকলেও সরকারের সদিচ্ছা না থাকায় তিনি এখনো দায়িত্বে রয়েছেন।

এ অবস্থায় অনতিবিলম্বে রাষ্ট্রপতিকে অপসারণ করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলন নিয়ে বক্তব্য

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই আন্দোলন ছিল চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্রদের একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন। কিন্তু সে সময় সরকারের নির্দেশে পুলিশ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীরা ছাত্রদের ওপর হামলা চালায়। এতে বহু ছাত্র আহত ও নিহত হন এবং রাজপথ রক্তে রঞ্জিত হয়ে ওঠে।

তিনি বলেন, ওই আন্দোলনে ছাত্রদের সঙ্গে কৃষক, শ্রমিক, ঠেলা-ভ্যান ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন। এমনকি প্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনে সংহতি প্রকাশ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

অনুষ্ঠানে উপস্থিতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কাদের-এর সভাপতিত্বে এবং পল্টন মোড় ওয়ার্ড সভাপতি আরিফুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমির অ্যাডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ও সাবেক কমিশনার খন্দকার আব্দুর রব

রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা

এদিকে বিজয়নগর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায়ও বক্তব্য দেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, রমজানের শিক্ষা হলো কথা ও কাজে মিল রাখা। কিন্তু সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে তার বিপরীত কাজ করছে।

তিনি দাবি করেন, সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানালেও ফলাফল ঘোষণার পর জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। জনগণের রায় মেনে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

Next News Previous News