ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ভারতের বন্দর ব্যবহার করছে কি না
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ভারতীয় বন্দর ব্যবহারের দাবি খারিজ
ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ভারতীয় বন্দর ব্যবহার করেছে— এমন দাবি সরাসরি খারিজ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র নাকি ভারতীয় বন্দর ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এই মন্তব্যের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট চেক বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এ ধরনের দাবি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, মার্কিন নৌবাহিনী ভারতীয় বন্দর ব্যবহার করছে বলে যে দাবি করা হয়েছে তা সত্য নয় এবং এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ভারত মার্কিন বিমানকে জ্বালানি ভরার অনুমতি দিয়েছিল। তবে ২০১৬ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অব এগ্রিমেন্ট (LEMOA) থাকলেও কোনো দেশ চাইলে অপর দেশকে সামরিক সুবিধা ব্যবহারের অনুমতি না-ও দিতে পারে।
ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল শেখর সিনহা জানান, এই চুক্তির নির্দিষ্ট শর্ত রয়েছে এবং পার্টনার দেশ চাইলে এমন অনুরোধ প্রত্যাখ্যান করার অধিকার রাখে।
