ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আসামে সুখোই যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের আসামে সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২

ভারতের আসাম রাজ্যে সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর।

ভারতীয় বিমানবাহিনী শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল।

বিমানটি যোরহাট বিমানবাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়ায় নির্মিত যুদ্ধবিমানটি বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

এসইউ–৩০ এমকেআই একটি দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমান। এটি রাশিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা সুখোই তৈরি করেছে। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ভারতীয় বিমানবাহিনীর জন্য এই বিমান তৈরি করছে।

এই যুদ্ধবিমান প্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জেলা পুলিশ জানিয়েছে, কার্বি আংলং জেলার বোকা জান মহকুমার স্থানীয় বাসিন্দারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানায়, সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

Next News Previous News