আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী
আইন ও আদালত • আদালতের সিদ্ধান্তে ৫ দিনের রিমান্ড
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন— এমন গুরুতর অভিযোগ উঠেছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন আদালতে বলেন, “তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন পুলিশ খুঁজছিল। গতকাল বরিশালে সিআইডি তাকে গ্রেপ্তার করে। তিনি আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে ভিডিও ধারণ করতেন।”
সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান আদালতে তৌহিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার রাতে বরিশাল থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন হত্যা মামলা দায়ের করেন, যেখানে মোট ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে তৌহিদ আফ্রিদি ১১ নম্বরে এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বরে ছিলেন। নাসির উদ্দিনকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করা হয় এবং তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
