রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: খলিলুর রহমান
জাতীয় • কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে ব্রিফিং
“অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলে রোহিঙ্গারা দেশে ফিরতে প্রস্তুত”— এমন মন্তব্য করেছেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সংলাপে তিনি এ বক্তব্য দেন।
সাংবাদিকদের ব্রিফিংকালে ড. খলিলুর রহমান বলেন, “প্রথমবারের মতো রোহিঙ্গারা এক ছাদের নিচে বসে নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশা সরাসরি জানিয়েছেন। এটি একটি ঐতিহাসিক সুযোগ।” তিনি জানান, আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের এই ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তুলে ধরা হবে।
সংলাপে ছয়টি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে—
- সমাধানে রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও অংশগ্রহণ নিশ্চিতকরণ
- সম্মানের সঙ্গে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন
- খাদ্য, চিকিৎসা ও শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা
- বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা ও বিশ্বাস গঠন
- মিয়ানমারের অপরাধমূলক কর্মকাণ্ড নিরসন
- অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশ সরকার সক্রিয়ভাবে রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদাররা সমাধানে সহযোগিতা করতে প্রস্তুত।” তিনি প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান।
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি উইংয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান উপস্থিত ছিলেন।
