স্বাস্থ্য উপদেষ্টা অথর্ব, উনাকে দিয়ে কিছু হবে না : মহিউদ্দিন রনি
স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ২৮তম দিনেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের চাপের মুখে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫টি অচল মেশিন সচল করা হয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে ট্রলিম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কা প্রকাশ করেন, আন্দোলন বন্ধ হলে আবারও সিন্ডিকেট গড়ে উঠতে পারে। তাই মৌখিক প্রতিশ্রুতির বদলে লিখিত ঘোষণা চান তারা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, “আমরা দাবি করেছিলাম স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে নিজ চোখে পরিস্থিতি দেখবেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি তিনি একজন অথর্ব, তার দ্বারা কিছু হবে না। তারপরও আমরা হতাশ হইনি। যতদিন না আমাদের দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে, আন্দোলন চলবে।”
এদিন আন্দোলনকারীরা কমিশনার কার্যালয়ের গেটে অবস্থান নিলেও ভেতরে প্রবেশ করতে পারেননি। তবে তাদের পাঁচজন প্রতিনিধি সাক্ষাতের অনুমতি পান। দুপুর ২টা পর্যন্ত কমিশনার কার্যালয়ে উপস্থিত না থাকায় বৈঠক হয়নি।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—স্থায়ী সংস্কারের লিখিত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
