ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে দেশত্যাগ, দুদিন পর মৃত্যু

জেলার খবর • নিউজ ডেস্ক • প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:২৮

ভাগ্য পরিবর্তনের আশায় রোমানিয়ায় পাড়ি জমালেও জীবন থেমে গেল মাত্র দুদিন পরেই। নোয়াখালীর চাটখিলের পরাণ কাজী শেষবার ফেসবুকে লিখেছিলেন— ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’। সেই স্ট্যাটাসই হয়ে উঠল তার চিরবিদায়ের প্রতীক।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই পরিবারে অভাব-অনটন চলছিল। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের ভবিষ্যতের কথা ভেবে গত ২২ আগস্ট রোমানিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন পরাণ কাজী। কিন্তু পৌঁছানোর মাত্র দুই দিনের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

নিহত পরাণ কাজী নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের কাজী বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, “পরাণ ভাই অনেক শান্ত স্বভাবের মানুষ ছিলেন। পরিবার সামলাতে বিদেশে গেলেন, কিন্তু দুদিনের মাথায় তার মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”

রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, “পরাণের অসময়ে চলে যাওয়া আমাদের চোখে জল এনে দিয়েছে। তার মরদেহ দেশে আনতে পরিবার সরকারের সহায়তা চেয়েছে।”

জীবিকার তাগিদে দেশ ছাড়লেও পরাণ কাজীর আকস্মিক মৃত্যু হয়ে উঠল পরিবার ও সমাজের জন্য এক বেদনাদায়ক স্মৃতি। বিদেশে কর্মসংস্থানের স্বপ্নে পাড়ি জমানো হাজারো তরুণের জীবনে এ ঘটনা আবারও প্রশ্ন তুলছে— নিরাপদ অভিবাসনের জন্য কী যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে?

Next News Previous News