প্রচারণার প্রথম দিনেই হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ

ফিচার › ক্যাম্পাস • আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই উত্তেজনা দেখা দিয়েছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, হিজাব পরিহিত নারী প্রার্থীদের উদ্দেশ্য করে আক্রোশ ও হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ফরহাদ লিখেছেন, “নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। বিশেষত হিজাব পরিহিত নারী প্রার্থীদের প্রতি আক্রোশ ফুটে উঠেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অজ্ঞাত দুই থেকে তিনজন ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিলেন। ইতোমধ্যে হামলাকারীদের ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে। যেহেতু ঘটনাস্থল সিসিটিভির আওতাধীন, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ফরহাদ।

তাঁর ভাষায়, “যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও পক্ষপাতদুষ্ট মনোভাব শিক্ষার্থীদের মনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে সন্দেহ তৈরি করবে।”

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া এ ধরনের উত্তেজনা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এখন নজর সবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে— তারা কি দ্রুত পদক্ষেপ নিয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে?

Next News Previous News