শিক্ষক লাঞ্ছনায় জড়িত বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবি
সাতক্ষীরার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানকে বিদ্যালয় থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার ঘটনায় জড়িত বিএনপি ও ছাত্রদল নেতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন—এই সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না হলে শিক্ষার্থীরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবে।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষক শফিকুর রহমান সদর থানায় একটি এজাহার দাখিল করেছেন। এতে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের নাম উল্লেখ করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, স্থানীয় সমাজকর্মী ও শিক্ষার্থীরা। তারা সবাই এককণ্ঠে ন্যায্য বিচার ও অভিযুক্তদের শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, শনিবার ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ সময় অবস্থান করায় শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পরদিন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি-ছাত্রদল নেতারা বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ করেন এবং ক্ষুব্ধ জনতা তাকে বিদ্যালয় থেকে বের করে দেন।
শিক্ষক লাঞ্ছনার এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এখন সবার নজর—২৪ ঘণ্টার আলটিমেটামের পর আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কী হয়।
