ইসরায়েলি এমপির ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

কট্টর ইহুদিবাদী ও ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলি সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সোমবার (১৮ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রথম্যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের সদস্য এবং রিলিজিয়াস জায়োনিজম পার্টির নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। তিনি সবসময়ই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে এসেছেন এবং অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার রক্ষণশীল ইহুদিবাদী একটি সংগঠনের আমন্ত্রণে চলতি মাসে সিডনি ও মেলবোর্ন সফরে যাওয়ার কথা ছিল রথম্যানের। কিন্তু সফরের আগেই তার ভিসা বাতিল করা হয়।

সম্প্রতি অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এ সিদ্ধান্তের সমালোচনা করে রথম্যান বলেছিলেন, এটি “একটি গুরুতর ভুল” এবং হামাসসহ সন্ত্রাসীদের জন্য “বড় পুরস্কার” হবে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে বলেন, “যারা ঘৃণা ও বিভেদের বার্তা প্রচার করতে আসবেন, তাদের স্বাগত জানানো হবে না। আমাদের লক্ষ্য—অস্ট্রেলিয়াকে এমন একটি দেশ হিসেবে গড়ে তোলা যেখানে সবাই নিরাপদ অনুভব করবেন।” তবে তিনি রথম্যানের ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি।

উল্লেখ্য, রথম্যান বর্তমানে ইসরায়েলি সংসদ নেসেটের বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান। তার সফরের উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ ও সংহতি প্রকাশ করা।

বিশ্লেষকদের মতে, অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

Next News Previous News