জাতীয় পার্টি জিন্দা লাশ : শেখ হাসিনা
আমার দেশ অনলাইন প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:০৯ | আপডেট: ১৯:২১
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি গত বছরের জুলাই আন্দোলনের সময়কার।
সাংবাদিক জুলকারনাইন সায়ের সোমবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে এই অডিও প্রকাশ করেন। মুহূর্তেই এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই অডিওতে শেখ হাসিনাকে ছাত্র আন্দোলন দমনের প্রসঙ্গে নানককে বলতে শোনা যায়—
“জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই ওই পার্টির। জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।”
কথোপকথনে নানক মোহাম্মদপুরে জাতীয় পার্টির কাউন্সিলর সেন্টুর নাম উল্লেখ করেন এবং তাকে ‘কালপ্রিট’ বলে দাবি করেন। তখন শেখ হাসিনা তাকে থামিয়ে দেন এবং জাতীয় পার্টিকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন।
এর আগে রোববার (১৭ আগস্ট) হাসিনা–ইনু ফোনালাপের আরেকটি অডিও প্রকাশ করেছিলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সেখানে শেখ হাসিনা আন্দোলনকারীদের দমনে আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি চালানো ও ছত্রীসেনা নামানোর কথা বলেছিলেন বলে দাবি করা হয়।
নতুন এই অডিও ফাঁস রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
