পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি: অস্তিত্বের হুমকি এলে বিশ্বে অর্ধেক ধসিয়ে দেব

যুক্তরাষ্ট্র সফরের সময় ফের বিতর্কিত মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় পাকিস্তান-আমেরিকান কমিউনিটির এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন—পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখোমুখি হয়, তবে বিশ্বে অর্ধেক ধসিয়ে দেবেন।

তিনি সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি নিয়ে কঠোর অবস্থানও ব্যক্ত করেন। তাঁর ভাষায়, “আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব, আর যখন তারা বাঁধ বানাবে, তখন ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। সিন্ধু নদীর পানি ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।”

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, মুনিরের মতে, গত এপ্রিলে পহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা পাকিস্তানের ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, অনুষ্ঠানে মুনির আরও বলেন—“আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও ধসিয়ে নিয়ে যাব।”

উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত অভিযোগ করে, পাকিস্তান এ হামলায় সহায়তা করেছে। এর পর নয়াদিল্লি ১৯৬০ সালের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়।

পরবর্তীতে ৬ মে রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়, যেখানে তারা জঙ্গিঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করে। জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ শুরু করে। উভয় পক্ষের হামলায় যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়, যা কয়েক দিনের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করে। শেষ পর্যন্ত ১০ মে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে পরিস্থিতি তুলনামূলক শান্ত হলেও বিশ্লেষকদের মতে, দুই দেশের পারস্পরিক অবিশ্বাস ও পানিবণ্টন ইস্যু ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে।

আপনার মতে, সীমান্ত ও পানিবণ্টন ইস্যুতে এই উত্তেজনা কি আলোচনার মাধ্যমে কমানো সম্ভব?

Next News Previous News