ইউক্রেন যুদ্ধে সমর্থনের জন্য কিম জং উনকে ধন্যবাদ পুতিনের
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএ।
কেসিএনএ জানায়, পুতিনের ফোন কলের জবাবে কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান। তাঁর ভাষায়, “উত্তর কোরিয়া সবসময় রাশিয়া-উত্তর কোরিয়া বন্ধুত্বের স্পিরিটের প্রতি বিশ্বস্ত থাকবে। ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে দাঁড়াবে উত্তর কোরিয়া।” দুই নেতার মধ্যে এ সময় উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও কথা হয়েছে দুই দেশের নেতাদের মধ্যে।
২০২২ সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে প্রকাশ্যে সমর্থন জানায় উত্তর কোরিয়া ও সিরিয়া। পরে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধের পর এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া পিছু হটলেও, উত্তর কোরিয়া এখনও রাশিয়ার পক্ষে অবস্থান করছে।
উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে। এই যুদ্ধে দেশটির হাজারেরও বেশি সেনা নিহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে চলতি সপ্তাহেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আলাস্কায়। বৈঠকের আগে কিম জং উনকে ধন্যবাদ জানানোকে বিশেষ কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
প্রশ্ন রইল—এই ধন্যবাদ ও বন্ধুত্বপূর্ণ বার্তা কি রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে, নাকি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দেবে?
