আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে : জামায়াত

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) কাছে লেভেল প্লেয়িং ফিল্ড ও দাবি পূরণের নিশ্চয়তা চেয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে।”

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা।

হামিদুর রহমান আযাদ বলেন, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে হবে। পাশাপাশি তিনি জানান, নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম বন্ধ করতে হলে সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি (পিআর) চালু করা জরুরি। তাঁর ভাষায়, “জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে।”

পিআর ছাড়া নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে জামায়াত সরাসরি কিছু না জানালেও দলটি দাবি করছে, এই পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে কার্যকর এবং ভোটারদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে।

জামায়াতের দাবি, তারা সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশ নিয়েছে এবং সংসদে প্রতিনিধিত্ব করেছে। এবারও তিনশ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং মাঠপর্যায়ে জনমত গঠনের কাজ করছে।

📌 প্রশ্ন হলো—ইসির সিদ্ধান্তে কি পিআর পদ্ধতির মতো বড় পরিবর্তন আসবে, নাকি প্রচলিত ব্যবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে?

Next News Previous News