ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন শেষ হওয়ার পর তিনি রাষ্ট্রের কোনো দায়িত্বেই আর থাকবেন না।
যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ ঘোষণা দেন। সেখানে তিনি লিখেছেন, “আমি স্পষ্ট করেছি: জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে। এরপর যে সরকার আসবে, সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না।”
ড. ইউনূস আরও উল্লেখ করেন, তাঁর সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। তাঁর ভাষায়, “এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরতে পারবে। আমাদের মিশন হলো—সব বৈধ ভোটার যেন তাদের ভোট দিতে পারে, এমনকি যারা প্রবাসে আছেন তারাও।”
তিনি স্বীকার করেছেন, এই কাজটি সহজ নয়। তবে প্রতিশ্রুতিবদ্ধভাবে সরকার এই লক্ষ্য পূরণে কাজ করে যাবে বলে আশ্বস্ত করেছেন।
📌 প্রশ্ন এখন—আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কি সত্যিই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাজনৈতিক ভবিষ্যতের পথে এগোতে পারবে?
