হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
জাতীয় ডেস্ক • বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
সোমবার রাতে কারা কর্তৃপক্ষ তার হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, অসুস্থ হয়ে পড়লে দ্রুতই তাকে চিকিৎসার জন্য হাসপাতাল নেওয়া হয়।
গত ২৪ জুলাই সকালে ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আদালতের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। দেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যখন কোনো সাবেক প্রধান বিচারপতি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
খায়রুল হক ছিলেন বাংলাদেশের ১৯তম প্রধান বিচারপতি। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ ওঠে।
প্রেক্ষাপট
বিচারপতি খায়রুল হক ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। বিচার বিভাগের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে তার নাম আলোচনায় আসে।
