শত্রু’ পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিলো ভারত
আন্তর্জাতিক ডেস্ক • সীমান্ত নদী শতদ্রুর পানিবৃদ্ধি নিয়ে কূটনৈতিক পদক্ষেপ
বহু বছর ধরে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও পাকিস্তানকে আন্তঃসীমান্ত বন্যার সতর্কবার্তা দিয়েছে ভারত। শতদ্রু বা সালতুজ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইসলামাবাদকে সতর্ক করেছে নয়াদিল্লি।
ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারত ও পাকিস্তানের পাঞ্জাব অতিক্রম করা এই নদীর পানির মাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পাকিস্তান অংশে প্রবাহিত সালতুজ নদীতে বন্যার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
ভারত-পাকিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, নয়াদিল্লি থেকে ইসলামাবাদকে পানিবৃদ্ধির হালনাগাদ তথ্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দেওয়া হয়েছে। দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্কের মধ্যে ভারতের এ ধরনের পদক্ষেপকে অনেকেই বিস্ময়কর মনে করছেন।
উল্লেখ্য, গত এপ্রিলে জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমে যায়। ওই ঘটনার পর ভারত সিন্ধু নদীর পানিবণ্টন চুক্তি স্থগিত করে। মে মাসে সীমান্তে সংঘাতেও জড়িয়ে পড়ে দুই দেশ। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হলেও সম্পর্কের উন্নতি হয়নি এবং পানিবণ্টন চুক্তিও পুনরায় চালু হয়নি।
তবুও ভারত কেন পাকিস্তানকে সতর্ক করল—প্রশ্নের জবাবে নয়াদিল্লির এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “মানবিক কারণে পাকিস্তানকে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।” তবে তিনি আরও জানান, সিন্ধু পানিচুক্তি পুনরায় চালুর বিষয়ে বর্তমানে কোনো পরিকল্পনা নেই।
পাকিস্তানে পরিস্থিতি
পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, জুনের শেষ দিক থেকে এ পর্যন্ত প্রবল বর্ষণ, হঠাৎ বন্যা, ভূমিধস, বাড়িঘর ধস ও বজ্রপাতে দেশটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭৯৯ জন। চলমান বন্যা দেশটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
