গাজীপুরের সাংবাদিক তুহিনের পরিবারের পাশে জামায়াত
জাতীয় ডেস্ক • শোকাহত পরিবারের পাশে দাঁড়ালো রাজনৈতিক দল
গাজীপুরের আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের পর তার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের প্রতিনিধি পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার বিকেলে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে নিহত সাংবাদিকের পরিবারের কাছে যান দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি পরিবারের সঙ্গে আলাপকালে বলেন, “আমরা সবসময় একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ার স্বপ্ন দেখি। এমন সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। সাংবাদিক তুহিন ছিলেন সমাজের আলোকবর্তিকা, তার নির্মম হত্যাকাণ্ড শুধু পরিবারকেই নয়, সমগ্র সমাজকেও শোকাহত করেছে।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটময় মুহূর্তে জামায়াত জনগণের পাশে থেকেছে এবং তুহিনের পরিবারের পাশে ভবিষ্যতেও সর্বদা থাকবে। নিহত সাংবাদিকের হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের উচ্চপদস্থ নেতৃবৃন্দ ও মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা। পরে তারা নিহত সাংবাদিকের স্ত্রী ও সন্তানদের হাতে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
