ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী রোববার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিদর্শনের জন্য তার বাসভবন ফিরোজায় দেখা করবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ নিতে ইসহাক দার রোববার ২৪ আগস্ট সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের বাসভবনে পৌঁছাবেন।”

শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইসহাক দার। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। উল্লেখযোগ্য, গত প্রায় ১৩ বছরে পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফরে এলেন।

বাংলাদেশে আসার পর আজ শনিবার বিকেলে তিনি প্রথমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং পরে জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করেন। আর সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

এই সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক আলোচনা আরও শক্তিশালী হবে কি না—এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে মুখ্য আলোচনার বিষয়।

Next News Previous News