পিআরে ভোট হবে স্বন্দীপে, প্রার্থী থাকবে মালদ্বীপে: টুকু
জামালপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “পিআর পদ্ধতি হলো ভোট হবে স্বন্দীপে, প্রার্থী থাকবে মালদ্বীপে।”
শনিবার (২৩ আগস্ট) বিকেলে জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, “আমাদের দেশের মানুষ যারা ভোট দেয় তারা তাদের প্রার্থীকে দেখতে চায়। যাকে ভোট দেবে তাকে চিনতে হবে। পিআর মানুষ খায়ও না, পরোও না, বিশ্বাসও করে না।”
তিনি আরও বলেন, “যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা এখন মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। শেখ হাসিনার জন্যই এটা হয়েছে। মুক্তিযুদ্ধ না হলে এই ভূখণ্ড হতো না, জিয়াউর রহমান যুদ্ধের ঘোষণা না করলে এই ভূখণ্ড হতো না। কিন্তু বাপের সম্পত্তি বানিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে পঁচিয়ে দিয়েছে।”
২৪ সালের গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, “একটি শ্রেণী এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে। কিন্তু সন্তান একবারই জন্মগ্রহণ করে। যে মুক্তিযুদ্ধ আমাদের মানচিত্র দিয়েছে, পতাকা এনে দিয়েছে সেটাই স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই।”
স্থানীয় একটি মাঠে আয়োজিত এ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনসহ অনেকে।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইকবাল হাসান মাহমুদ টুকু ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির ১২ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
